Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউতে ওবিই ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

...

মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন এবং কার্যকর অ্যাসেসমেন্ট রুব্রিক্স তৈরির দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে ‘আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স’ বিষয়ক একটি দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচ.টি.এম. কাদের নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাসেম এবং রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।
প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষকদের নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন, আধুনিক মূল্যায়ন পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ অর্জনেও সহায়ক হবে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাসেম বলেন, একটি প্রশ্নপত্র কতটা মানসম্মত, তা নির্ভর করে সেটি শিক্ষার্থীর বিশ্লেষণ এবং  সমস্যা সমাধানের দক্ষতা কতটুকু মূল্যায়ন করতে পারছে তার ওপর। একইভাবে, এসেসমেন্ট রুব্রিক্স ব্যবহার করলে মূল্যায়নে ব্যক্তিনির্ভরতা কমে এবং প্রতিটি শিক্ষার্থী একই মানদণ্ডে মূল্যায়িত হয়। তাই  ওবিই -এর সফল বাস্তবায়নে এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম। তারা আউটকাম- বেইজড এডুকেশন (ওবিই) অনুযায়ী প্রশ্নপত্র তৈরি, কোর্স লার্নিং আউটকাম-এর সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য নির্ধারণ, ব্লুমস ট্যাক্সোনমির-কার্যকর প্রয়োগ এবং এসেসমেন্ট রুব্রিক্স প্রণয়নের বিভিন্ন কৌশল বাস্তব উদাহরণ ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে উপস্থাপন করেন। তারা বলেন, শিক্ষকরা নিজ নিজ কোর্সে এসব কৌশল প্রয়োগের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়াকে আরও পরিকল্পিত, স্বচ্ছ ও ফলাফল ভিত্তিক করে তুলতে পারবেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ব্যবহারিক অনুশীলনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।